অভিনেত্রী জয়া আহসান: “আমার জীবনে বিশেষ কেউ আছে, তবে এখনই বিয়ে নয়”

সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারের অন্যতম সফল সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঈদের সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত আরও দুটি সিনেমা—’ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া তার ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। এই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো তার সম্পর্কের কথা বিস্তারিতভাবে জানান এবং বিয়ে নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন।

সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে জয়া নিশ্চিত করেন যে তার জীবনে একজন বিশেষ মানুষ আছেন। তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।” যদিও জয়া তার সঙ্গীর নাম প্রকাশ করেননি, তবে তিনি জানিয়েছেন যে তার ‘বিশেষ মানুষ’ সিনেমার জগতের কেউ নন। এটি কোনো সচেতন সিদ্ধান্ত ছিল না, বরং ঘটনাক্রমে এমনটাই হয়েছে বলে তিনি জানান।

জয়া তার সঙ্গীর সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে আরও বলেন, “আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর আগে ভালো বন্ধু হওয়াটা খুব জরুরি। আমরা অবশ্যই খুব ভালো বন্ধু। সে আমার অনেক অত্যাচার সহ্য করে।” জয়া আরও জানান যে তার সঙ্গী তার পেশার প্রতি খুব শ্রদ্ধাশীল। একজন অভিনেত্রী হিসেবে তার নিয়মিত ভ্রমণ এবং কাজের জন্য কলকাতায় দীর্ঘ সময় থাকার বিষয়টিকে তিনি ইতিবাচকভাবে দেখেন। জয়া বলেন, “আমাকে কাজ করতে দিচ্ছে। এটা একটা বড় বিষয়, কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না।” তিনি আরও যোগ করেন যে তারা দুজনেই খুব ব্যক্তিগত জীবন যাপন করতে ভালোবাসেন, তাই নিজেদের মতো করে থাকতে পছন্দ করেন।

সঞ্চালক যখন জয়াকে জিজ্ঞাসা করেন যে তার সঙ্গীর কোন গুণটি তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, তখন জয়া উত্তর দেন, “সে অনেক শান্ত।” মজার বিষয় হলো, সঞ্চালক তখন জয়াকেও শান্ত স্বভাবের বলে অভিহিত করেন, যার উত্তরে জয়া বলেন, “হ্যাঁ, সে জন্যই হয়তো আমি তাঁকে পছন্দ করেছি।”

বিয়ের প্রসঙ্গে জানতে চাওয়া হলে জয়া জানান যে তিনি এখনই বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, “এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ, বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি।” সঞ্চালক তখন জানতে চান যে তিনি কি বিয়ের জন্য প্রস্তুত নন? উত্তরে জয়া বলেন যে এটা প্রস্তুতির ব্যাপার নয়, বরং তার মধ্যে এক ধরনের ভয় কাজ করে। অতীত সম্পর্কের তিক্ততা এর কারণ হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, “হতেই পারে। আমারও সেটাই মনে হয়।”

সাক্ষাৎকারে জয়া আরও জানান যে তিনি বেশ কিছু নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কাজ করছেন, তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না।