চানখারপুল হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এর আগে গতকাল রোববার (১০ আগস্ট) মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ট্রাইব্যুনাল তা একদিন পিছিয়ে দেয়। আজ সকালে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার পলাতক অন্য চার আসামি হলেন- ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ৩ জুন ট্রাইব্যুনাল পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল। চাঞ্চল্যকর এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় বিচার প্রক্রিয়ায় নতুন গতি এসেছে। এই মামলার চূড়ান্ত রায় জানতে দেশবাসী অপেক্ষায় আছে।